অভিযুক্ত মুশফিক তাহমদি তন্ময় শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ওই হলের অনাবাসিক শিক্ষার্থী।
অধ্যাপক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন সময় তন্ময় হলের আবাসিক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি দেখিয়েছে। এছাড়া আমার হলে সংযুক্তি নেই এমন শিক্ষার্থীকে হলে তুলেছে। আমার হলের সঙ্গে সংযুক্তি থাকা কোনও শিক্ষার্থীকে হলে সিট দিলে আমার আপত্তি থাকতো না। কিন্তু তন্ময় সেটা করেনি।’
তিনি আরও বলেন, ‘সিট দখল এবং সিট বাণিজ্যের অভিযোগের কথা শুনেছি তার বিরুদ্ধে। এ নিয়ে আমি তাকে বারবার সতর্ক করেছি, কিন্তু সে শোনেনি। সর্বশেষ তাকে শোকজ করেছি (কারণ দর্শানোর নোটিশ)। কিন্তু তন্ময় তার উত্তরও দেয়নি। বাধ্য হয়ে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে তার বিরুদ্ধে থানায় জিডি করেছি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে তন্ময় বলেন, ‘আমি কোনও শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছি কিনা, আমার জানা নেই।’
জানতে চাইলে মতিহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার বিরুদ্ধে দুপুরে থানায় জিডি করেছেন জাহাঙ্গীর স্যার। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
/বিএল/