চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত জঙ্গিনেতা আবুর শ্বশুরসহ দুই জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ মো. ফাছিরউদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কানসাট ইউনিয়নের শিবনগর আব্বাস বাজার এলাকার মৃত মোকবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহমতপাড়ার আতাউর রহমান এর ছেলে আল-আমিন (২৪)।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মাহবুব আলম জানান, মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান সনাক্ত করার পর রবিবার রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন ও আল-আমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন মোবারকপুর ইউনিয়নের শিবনগরের জঙ্গি আস্তানায় নিহত আবুর শ্বশুর।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আল-আমিন জঙ্গি নেতা তামিমের সহযোগী হিসেবে কাজ করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার অফিসার ইনচার্জ মো. ফাছিরউদ্দিন জানান, গত ১১-১২ এপ্রিল জঙ্গি বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ সাত জঙ্গিকে গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আল-আমিনকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সোমবার ৭ দিনের রিমান্ডের আবদেন করে পুলিশ। আদালত আল-আমিনের তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
সোমবার সাত দিনের রিমান্ড চেয়ে অপরজঙ্গি রুহুল আমিনকে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব।
উল্লেখ্য, গত ২৬-২৮ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত হয় জঙ্গিনেতা আবুসহ আরো ৩ জঙ্গি।
/জেবি/
আরও পড়তে পারেন: বেনাপোলে ১০টি সোনার বারসহ এক জন আটক