‘স্বাধীন বিচার বিভাগ’ নামের ফেসবুক পেজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব। ‘ভুয়া পেজ’ খুলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর তথ্য দেওয়ায় সংক্ষুব্ধ হয়ে তিনি এ আদেশ দেন।
সোমবার (৫ জুন) দুপুরে বিচারক তার আদেশটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় এফআইআর হিসেবে রেকর্ড করতে শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। তদন্ত সাপেক্ষে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পুলিশের রিপোর্ট দাখিলের সুবিধার্থে তদন্তের জন্য মামলাটি সিআইডি সদর দফতরে পাঠাতে বলা হয়েছে।
তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় এফআইআর হিসেবে রেকর্ড করতে শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র এএসপির নিচে নয় এমন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সিআইডি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়ে ৬ জুলাইয়ের মধ্যেই তার আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে মর্মে নির্দেশনাও দিয়েছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত অ্যাডভোকেট আবদুল মান্নান জানান, বিজ্ঞ বিচারক স্বতঃপ্রণোদিত হয়ে মামলার আদেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর মো. শাহজাহান জানান, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’
/এনআই/টিএন/