রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট যাওয়ার পর অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। ওই বাড়ি থেকে চারটি শিশুসহ একই পরিবারের ১২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া বাড়িটি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুইটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুমিত চৌধুরী জানিয়েছন, অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট যাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) তথ্যের ওপর ভিত্তি করে রবিবার (১১ জুন) রাত ৮টার পর থেকে ওই বাড়ি নজরদারিতে রাখে পুলিশ। রাত ১২টায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাড়ি থেকে আটককৃতরা হলো- বাড়ির মালিক রমজান আলী (৫৫) ও তার স্ত্রী আয়েশা বিবি, বড় ছেলে ইব্রাহীম ও তার স্ত্রী মর্জিনা, ছোট ছেলে ইসরাফিল আলম (২৬) ও তার স্ত্রী হারেছা খাতুন, মেয়ে হাওয়া বেগম (২০) ও তার স্বামী রবিউল (২৭)।
জানা গেছে, রমজান আলী গৌরঙ্গপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক, ইব্রাহীম সার ব্যবসায়ী, ইসরাফিল আলম স্থানীয় হোমিও চিকিৎসক এবং রবিউল পাচন্দর ইউনিয়নের বনকিশোর চকপাড়ায় কাঠমিস্ত্রির কাজ করেন।
তানোর থানার এসআই রায়হান আলী বলেন, ‘ওই বাড়িতে সুইসাইডাল ভেস্ট ও বিপুল সংখক বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।’
/এসএমএ/এসটি/
আরও পড়ুন: রাজশাহীর ‘জঙ্গি আস্তানা’ থেকে চার শিশুসহ ১২ জন আটক