উন্নয়নের জন্য দেশবাসীকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান নাসিমের

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমদেশের উন্নয়ন ও শান্তির জন্য দেশবাসীকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার (২৯ জুলাই) সিরাজগঞ্জের কাজীপুরের দুর্গম যমুনা চরের নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে জনসভায় এ আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র নাসিম।

জনগণের উপর আস্থাহীন বিএনপি এখন নির্বাচন বন্ধের চক্রান্ত করছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কোনও চক্রান্ত বা ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনেই হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবে না বলেই বিএনপি দেশি-বিদেশি চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোনও অশুভ শক্তির চক্রান্ত নস্যাৎ করে দেবে।’  

মা ও শিশু কল্যাল কেন্দ্রের উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রীএর আগে স্বাস্থ্যমন্ত্রী স্পিডবোডে উত্তাল যমুনা নদী পাড়ি দিয়ে কাজীপুরের দুর্গম চরে পৌঁছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন। সিরাজগঞ্জে চার দিনের সফরের দ্বিতীয় দিনে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করে নাসিম বলেন, ‘এ সব কেন্দ্রে ডাক্তার, নার্স এবং প্রয়োজনীয় সব ওষুধ পাওয়া যাবে। কিন্তু মানুষের সেবা নিশ্চিত করতে হবে। কোনও অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে তিনি হুশিয়ার করে দেন।

এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তাদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, এইচ ই ডি’র তত্বাবধায়ক প্রকৌশলী এফ এ মো. মুরশিদ, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলীসহ পরিবার পরিকল্পনা দফতরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিএল/