রাজশাহীতে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের চেয়ার ভাঙচুর

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের ভাঙচুর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান চলাকালে অডিটোরিয়ামে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে ছাত্রলীগের এক দল নেতাকর্মী এ ভাঙচুর চালায়। এ সময় আতঙ্কে প্রথম বর্ষের শিক্ষার্থীরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে তার আগেই পরিচিতি সভা পণ্ড হয়ে যায়।

অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাদের আমন্ত্রণ না জানানোয় ক্ষিপ্ত হয়ে তারা এ কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে ডিপ্লোমা প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভা শুরু হয়। এরপরই পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল ও সাধারণ সম্পাদক রাশেদ রহমানের নেতৃত্বে এক দল নেতাকর্মী অডিটোরিয়ামে প্রবেশ করেই চেয়ার টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় ভয়ে ও আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অডিটোরিয়াম থেকে বের হয়ে যান। এরপর তারা অডিটোরিয়ামের মঞ্চ, চেয়ার-টেবিল ও ফ্যান ভাঙচুর করে।

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রলীগের ভাঙচুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ রহমান বলেন, ‘ওই অনুষ্ঠানে আমাদের দাওয়াত দেওয়া হয়নি। আবার শোকের মাস শুরু হলেও কোনও কর্মসূচি নেওয়া হয়নি। এসব কারণে ক্ষুব্ধ হয়ে কিছু কর্মী অডিটোরিয়ামে প্রবেশ করে কয়েকটি চেয়ার ভাঙচুর করেছে।’

পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন বলেন, ‘কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/বিএল/