এজাহার সূত্র ও স্বজনরা জানান, সোনাতলা পৌরসভার কামারপাড়ার দিনমজুর রহিম শেখ প্রায় তিন বছর আগে একই এলাকার কালু শেখের মেয়ে আজিজা বেগমকে বিয়ে করেন। আজিজা ১০ মাস আগে জমজ কন্যা সন্তান প্রসব করেন। এদের নাম খাদিজা খাতুন ও রহিমা খাতুন রাখা হয়। বাবা-মা শহরে থাকায় আজিজা স্বামী-সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। বিয়ের পর থেকে স্বামী রহিম শেখ ও অন্যরা আজিজাকে যৌতুকসহ নানা কারণে নির্যাতন করে আসছিল। জমজ কন্যা সন্তান হওয়ায় তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার (২৩ আগস্ট) বিকালে শিশুকন্যা খাদিজাকে হত্যার পর আজিজা নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, আজিজার বাবা কালু শেখ তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে শাশুড়ি আনিসা বেগমকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বেঁচে যাওয়া শিশু রহিমা খাতুন তার নানীদের হেফাজতে আছে। বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে মা আজিজা ও মেয়ে খাদিজার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে গ্রামের পারিবারিক গোরস্থানে তাদেরকে দাফন করা হয়।