আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এই মতবিনিময় করেন জাহাঙ্গীর কবির নানক। রাজশাহী নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই সভায় নানক বলেন, ‘এই খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় বসে দেশকে অচল রাষ্ট্রে পরিণত করেছিলেন। সংবিধানকে তিনি বিকৃত করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে আগুন সন্ত্রাসী নামে পরিচিত।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন একজন মমতাময়ী মানুষ হিসেবে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করছেন। আবার নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এমন ভূমিকায় প্রধানমন্ত্রী এখন বিশ্বে প্রশংসিত।’
রাজশাহীর পবার হরিয়ান চিনিকল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন। সভায় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আবদুল ওদুদ বিশ্বাসসহ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন। পরে তারা রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠ পরিদর্শন করেন। আগামী ১৪ সেপ্টেম্বর ওই মাঠে পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
আরও পড়ুন- ‘কোন অপরাধে আমাদের ভিটেমাটি ছাড়া করলো?’