রাবিতে শিক্ষক লাঞ্ছিত: দ্রুত বিচার দাবি

রাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে এই দাবি জানান।

জানা যায়, সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) চত্বরে শিক্ষার্থীরা মিলিত হয়ে মানববন্ধন করে। সেখানে শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তদন্ত শেষে বিচারের দাবি জানান। এ সময় ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, আইবিএ’র পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গঠন করা তদন্ত কমিটির প্রধান অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার কাছে স্মারকলিপি দেন।

এর আগে গত ৪ অক্টোবর রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান ও অর্থনীতি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. আবু শামস রেজাউল হাসান করিম বকশী।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর ইন্টার্নশিপ পেপারে স্বাক্ষর করা নিয়ে আইবিএ’র শিক্ষক অধ্যাপক হাছানাত আলীকে মারধর করেন তারই ছাত্র আবু নাহিদ মো. হায়দার। ওইদিন বিকালে নাহিদকে আটক করে পুলিশ। পরে রাতে ওই শিক্ষক মতিহার থানায় নাহিদের বিরুদ্ধে মামলা করেন। পরদিন ২৬ সেপ্টেম্বর নাহিদকে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন:



খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা