নিহত আনোয়ারা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দীঘলকান্দি গ্রামে ফেরি করে কাপড় ও সুতা বিক্রি করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ারা বেওয়া তার মেয়ে রোজিনাকে নিয়ে বসবাস করতেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি কাপড় বিক্রি করে বাড়িতে ফিরছিলেন। এসময় বালুয়াআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
আনোয়ারা বেওয়া বাড়ি না ফেরায় তার মেয়ে রোজিনাসহ প্রতিবেশীরা তার সন্ধান করতে থাকে। এসময় বালুয়াআটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তারা সোনাতলা থানায় খবর দেন। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।
সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি ছিনতাইয়ের কোনও ঘটনা নয়। কারণ তার জিনিসপত্র কিংবা টাকা ও মোবাইল খোয়া যায়নি। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
ওসি আরও বলেন, ‘নিহতের মেয়ে রোজিনা বেগম সোনাতলা থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।’ শুক্রবার সকালে আনোয়ারা বেওয়ার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।