বাঘায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞারাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে শুক্রবার (১৩ অক্টোবর) অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে শামিম মোল্লা (৩২) নামে এক জেলেকে অর্থদণ্ড করা হয়েছে।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি বিশেষ দল বাঘা উপজেলার মীরগঞ্জ, আলাইপুর, চকরাজাপুর, লক্ষ্মীনগর, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর এলাকায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার জাল জব্দ করে। যার মূল্য এক লাখ ১০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় শামিম মোল্লা নামে এক জেলেকে আটক করে পাঁচ হাজার টাকা মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন এই আদেশ দেন।

আরও পড়ুন:

ইলিশ শিকারের দায়ে নড়িয়ায় ২১ জেলেকে দণ্ড