রাবির ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (কলা অনুষদ) ও ‘সি’ (বিজ্ঞান অনুষদ) ইউনিটের  ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এর মধ্যে কলা অনুষদভুক্ত ‘এ-১’ শিফট থেকে ১৫০৬ ও ‘এ-২’ শিফট থেকে ১৫২৯ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১২ নভেম্বর মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ‘এ-১’ শিফট ও ১৩ নভেম্বর ‘এ-২’ শিফটের রোল নম্বরধারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের আগামী ৮ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ করতে হবে।

এছাড়া,কলা অনুষদভুক্ত ইংরেজি বিভাগে ভর্তির জন্য ১২১৭ জন, নাট্যকলা বিভাগের জন্য ৭১১৯ জন ও সঙ্গীত বিভাগের জন্য ৪২৬৭ জনকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা আগামী ১৪ নভেম্বর এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ৪ থেকে ৮ নভেম্বর সংশ্লিষ্ট বিভাগে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বিজ্ঞান অনুষদভুক্ত থেকে ‘সি’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফর্ম পূরণ করতে হবে। পরে ২৩ নভেম্বর মেধাতালিকা অনুযায়ী চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পরীক্ষার উত্তরপত্রে যারা শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তির আগ্রহ প্রকাশ করেছে, তাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি আগামী ১৩ নভেম্বর প্রকাশ করা হবে।

সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে।

এছাড়া,ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd তে পাওয়া যাবে।