দণ্ডপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন উপজেলার কামারগাঁ স্কুলের দশম শ্রেণির ছাত্র তুষার আহম্মেদ (১৯), রাজশাহী কলেজের মাস্টার্সের ছাত্র প্রাইভেট শিক্ষক রনি কুমার (২৫) এবং রাজশাহী সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল্লাহ (২৮)। তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
প্রত্যাহার হওয়া পাঁচ শিক্ষক হলেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কফিলউদ্দীন, ইলামদহী নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের হোসনে আরা, পারীশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের একরামুল হক, বনকিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম ও কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের উৎপল কুমার সাহা।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্রে বহিরাগত কোনও ব্যক্তি অনিয়ম করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত তানোর থানার এএসআই শরিফ জানান, তানোর পৌর এলাকার তালন্দ এ এম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সোমবার জেএসসি ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। সকাল ১১টার সময় কেন্দ্রের জানালা দিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলে তুষার, রনি, আব্দুল্লাহ। এ সময় তারা হট্টগোল করছিল। এরপর প্রশ্নের ছবি তোলা ও হট্টগোলের অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব আলতাব হোসেন জানান, এই ঘটনার সময় পরীক্ষা কেন্দ্রের দুই শ্রেণি কক্ষে পাঁচজন শিক্ষক দায়িত্ব পালন করছিলেন। তাদেরকে দায়িত্ব অবহেলার কারণে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
এস এ গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা