নিখোঁজের সাতদিন পর নওগাঁর সাপাহারে পুকুর থেকে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর সংলগ্ন তাজপুর হাড়িপুকুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার মানিকুড়া দিঘীপাড়া গ্রামের সুকুমার কুমারের ছেলে সুমন কুমার (২৫) গত ৩১ সেপ্টেম্বর নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে এক ছেলে ওই গ্রামের একটি পুকুরে পাড়ে গেলে পানিতে ঝোপের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। এরপর বিষয়টি জানাজানি হলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় দেখে চেনার উপায় ছিল না। পরে পরনের কাপড় দেখে তার পরিবারের লোকজন লাশটি সনাক্ত করে। পুলিশ প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ উদঘাটন করতে না পারলেও এলাকাবাসী ও তার পরিবারের লোকজন বলছে ছেলেটি নেশা করতো। এছাড়াও তার মৃগি রোগ ছিল।
সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ওই যুবক নিখোঁজের দিনই তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। ডায়েরিতে তার মৃগি রোগের কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আমিন জুট মিলে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ আহত ৫