নারী ও শিশু আদালত প্রাঙ্গণে বাদীকে মারধর, গ্রেফতার ১

সিরাজগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের দরজার সামনে বাদীকে মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মারধরের ঘটনায় গ্রেফতার ১, পাশে মামলার বাদীওসি হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোর্ট প্রাঙ্গণে বাদীকে মারধরের ঘটনা ন্যাক্কারজনক। মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে, গতকাল বুধবার বিকালে মারধরের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের আহত আব্দুল মান্নান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আদালত প্রাঙ্গণে মারধরের ঘটনায় কোর্ট পুলিশ উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের টিওরহাটি গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেলকে (৩০) গ্রেফতার করেছে।

কোর্ট পরিদর্শক বাবুল উদ্দিন সর্দার জানান, গত বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে হাজিরা দিতে আসেন আব্দুল মান্নান। বিকাল পৌনে ৪টার দিকে হাজিরা শেষে বাড়ি ফেরার সময় আদালতের দরজার সামনে আসামি রাসেলসহ বেশ ক’জন তাকে মারধর করে। যিনি আহত হয়েছেন বা আর যারা মারধর করেছেন, তারা সকলেই আত্মীয়।

মামলার বাদী আব্দুল মান্নান বলেন, ‘আমার মেয়েকে নির্যাতনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আদালতের দরজার সামনেই পুলিশ ও অন্যদের উপস্থিতিতে আসামিরা আমাকে মারধর করে। আদালতেই যদি আসামিরা আমাকে মারতে পারে, তাহলে আগামীতে তারা আমাকে হত্যাও করতে পারে।’