সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর দাফন সম্পন্ন

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর জানাজাচিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) থেকে পরপর চার বার নির্বাচিত সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকী। মঙ্গলবার (২১ নভেম্বর) বাদ জোহর পঞ্চম দফা জানাজা শেষে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বেলা ১১টায় মহাদেবপুর উপজেলার ডাকবাংলো মাঠে আখতার হামিদ সিদ্দিকীর মরদেহ আনা হলে তাকে এক নজর দেখতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ সময় মহাদেবপুর-বদলগাছী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার সেলিমসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর জানাজাএছাড়া সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সাবেক এই ডেপুটি স্পিকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ডাকবাংলো মাঠে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী।