বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বগুড়াবগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল স্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় মোজাফফর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) বাশির এ তথ্য জানান।

এসআই বাশির জানান, নিহত মোজাফফর রহমান উপজেলার বারআঞ্জুল দক্ষিণপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে তিনি নয়মাইল স্ট্যান্ড এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে আসা দিনাজপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক বৃদ্ধ মোজাফফরকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।