সাইনবোর্ড লাগাতে গিয়ে নির্মাণ শ্রমিক দগ্ধ

বগুড়াবগুড়ার শেরপুরের উলিপুর এলাকায় ডিজিটাল প্যানা সাইনবোর্ড লাগাতে গিয়ে আবদুর রহমান (৩৮) নামে এক নির্মাণ শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা  জানান, কাউন্সিলর রেজাউল করিমের উদ্যোগে উলিপুর এলাকায় বিশাল ডিজিটাল প্যানা সাইনবোর্ড লাগানোর উদ্যোগ নেওয়া হয়। সোমবার সকাল ৮টার দিকে আবদুর রহমানসহ ৭-৮ জন নির্মাণ শ্রমিক বাঁশের খুঁটি পোতার কাজ করছিলেন। এ সময় প্রায় ৩০ ফুট লম্বা একটি বাঁশ ১১ কেজি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এলে শ্রমিক আবদুর রহমানের শরীরে আগুন ধরে যায়। গুরুতর আহত আবদুর রহমানকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সানজিদা খাতুন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে  স্থানান্তর করেন।

পৌর কাউন্সিলর রেজাউল করিম জানান, আহত শ্রমিকের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।