বগুড়ার সোনাতলা-গাবতলী সড়কের মোনারদহ সেতুটি ঝুঁকিপূর্ণ

বগুড়াবগুড়ার সোনাতলা-গাবতলী সড়কে নাড়ুয়ামালা হিন্দুপাড়ায় মোনারদহ সেতুর মাঝখানে ধসে গেলেও দীর্ঘদিন তা সংস্কার করা হচ্ছে না। এ কারণে ঝুঁকি নিয়েই ওই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। এতে যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সেতুতে সতর্কতা সংকেত সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে দিলেও সড়ক ও জনপথ বিভাগ এ সেতু সম্পর্ক কিছুই জানে না। ভুক্তভোগীরা অবিলম্বে সেতুটি সংস্কার করতে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, বগুড়ার সোনাতলা-গাবতলী একটি গুরুত্বপূর্ণ সড়ক। জেলা সদর ছাড়াও এ সড়কে সোনাতলা, গাবতলী, সারিয়াকান্দি, পার্শ্ববর্তী গাইবান্ধার সাঘাটা উপজেলার ২০ ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষ যাতায়াত করেন। সপ্তাহের সোম ও শুক্রবার নাড়ুয়ামালা হাট বসে। বিপুল সংখ্যক কৃষক তাদের উৎপাদিত ফসল ওই সেতু পেরিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যান। অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। প্রায় ২৫ দিন আগে এ সড়কের মোনারদহ সেতুর মাঝে প্রায় দুই ফুট অংশ ধসে রড বের হয়ে গেছে। এ সেতুর ওপর দিয়ে এখন যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। অথচ সড়ক ও জনপথ বিভাগ সেতুর ব্যাপারে কিছুই জানে না।

সরেজমিনে সেতুর কাছে গিয়ে দেখা গেছে, আবদুল ওয়াহাব ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একটি সতর্কতা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এরপরও ওই সেতুতে ভারী যানবাহন চলাচল করছে।

এ ব্যাপারে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশাফুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, মোনারদহ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তার জানা ছিল না। অতি দ্রুত সেতুটি সংস্কার করা হবে বলে তিনি জানান।