উদ্ধার হওয়া ধর্মযাজক উইলিয়াম ওয়াল্টার রোজারিও’র বড় ভাই প্রেমল রোজারিও জানান, শুক্রবার বিকাল চারটার দিকে উইলিয়াম ওয়াল্টার রোজারিও সিলেটের হানিফ পরিবহনের একটি কাউন্টার থেকে তার বড় ভাই অমল রোজারিওকে ফোন করে। এ সময় সে জানায় একটি মাইক্রোবাসে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে মাইক্রোবাসটি থামলে কৌশলে পালিয়ে সে ওই কাউন্টারে আসে। অমল রোজারিও পরে ওই কাউন্টারের দায়িত্বরতদের অনুরোধ করে যাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর খবর পেয়ে সিলেট পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, উদ্ধার হওয়া ফাদারকে নাটোরে নিয়ে আসা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সোমবার (২৭ নভেম্বর) বিকালে উইলিয়াম ওয়াল্টার রোজারিও বনপাড়া বাজার থেকে জোনাইলে নিজ মোটরসাইকেলে যাওয়ার সময় নিখোঁজ হন। এ ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে জোনাইল মিশনের ফাদার সুব্রত পিউরিফিকেশন বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশের ৫টি টিম তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছিল।
আরও পড়ুন- নাটোরে খ্রিস্টান ধর্মযাজক নিখোঁজ!