তবে এলাকাবাসির দাবি,পুলিশের ওপর কেউ হামলা করেনি। পুলিশই গ্রেফতারের পর দুই আসামিকে পায়ে গুলি করেছে। পুলিশ কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসী জানান, নরসিংদী জেলার মনোহরদি উপজেলার হালুকদিয়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে সেনা সার্জেন্ট শফিকুল ইসলাম সম্প্রতি এলপিআরে যান। পরিবার নিয়ে বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের কোয়ার্টারে থাকতেন তিনি। যশোর সেনানিবাসে প্রশিক্ষণে থাকা তার সৈনিক ছেলে আশরাফুল ইসলাম গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৩টার দিকে শাকপালা বাসস্ট্যান্ডে নামেন। বাবা শফিকুল ইসলাম তাকে আনতে যান। বাবা ও ছেলে হেঁটেকোয়ার্টারে ফেরার সময় মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুলের সামনে পৌঁছালে একদল ছিনতাইকারী তাদের আটকায়। ছিনতাইকারীরা শফিকুল ইসলামকে ধরে পাশের শাকপালা পার্কের ভেতরে নিয়ে পেটে ছুরিকাঘাতে হত্যা করে। এসময় অন্যদের সঙ্গে ছেলে আশরাফুলের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে সেনানিবাসের প্রধান ফটকে খবর দিতে যান। এ সময় ছিনতাইকারীরা পালিয়ে। পরে নিহত শফিকুল এর লাশ উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সেনা সার্জেন্ট হত্যার ঘটনায় নিহতের ছেলে আশরাফুল ইসলাম বুধবার শাজাহানপুর থানায় অজ্ঞাত ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ হত্যা মামলায় শুক্রবার সকালে শহরের খান্দার এলাকার মৃত সোলায়মান আলীর ছেলে ফুলমিয়া ওরফে বিষু (২২), শাকপালার জিয়াউল হক মোল্লার ছেলে রাকিবুজ্জামান রাকিব (২৪), একই এলাকার সৈয়দ আলীর ছেলে আবদুল হালিম বগা (২৮) এবং বেলাল হোসেনের ছেলে রবিউল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিষু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
ওসি জানান,আসামির স্বীকারোক্তি অনুসারে অস্ত্র ও ছিনতাইয়ের মালামাল উদ্ধারে শুক্রবার রাত ২টার দিকে বগা ও রাকিবকে নিয়ে শাকপালা পার্কের কাছে অভিযানে যায় পুলিশ। এ সময় তাদের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন প্রাণ রক্ষায় পুলিশ অন্তত ২০ রাউন্ড পাল্টা গুলি করে। পালানোর চেষ্টা করলে রাকিব ও বগা হাঁটুতে গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের হামলায় এএসআই তাহের,কনস্টেবল রেজাউল করিম ও আবদুর রশিদসহ চার পুলিশ আহত হন। তাদের পুলিশ লাইন্স হাসপাতালে এবং গুলিবিদ্ধ রাকিব ও বগাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ তিন রাউন্ড গুলি, পিস্তলের গুলির দুটি খোসা ও শফিকুল ইসলামকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা করেছে। পায়ে গুলিবিদ্ধ সন্ত্রাসী বগা ও রাকিব পুলিশ প্রহরায় শজিমেক হাসপাতালের অর্থো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।