জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাটজমি নিয়ে বিরোধের জের ধরে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামে আব্দুল ওয়াদুদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, গত এক বছর ধরে  মাত্র দশ শতক জমির মালিকানা নিয়ে নিহত আব্দুল ওয়াদুদে ও তার  প্রতিবেশি চাচা ইউছুফ ও ইয়াকুব আলীর সঙ্গে  বিরোধ চলছিল। শনিবার সকালে ওয়াদুদ এবং তার অন্য এক চাচা আব্দুল হামিদ আলু রোপন করতে যায়। এ সময় ইউছুফ ও ইয়াকুব লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ওয়াদুদ ও হামিদ গুরুতর আহত হয়। ওয়াদুদকে আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে  মৃত্যু হয়। আর হামিদকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি আরও জানান,এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি। মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।