বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদত বার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরচাঁপাইনবাবগঞ্জে পালিত হচ্ছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৬ তম শাহাদত বার্ষিকী। তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দুপুরে ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ’র স্মরণে তাঁর সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত, আলোচনাসভা, মিলাদ মাহফিল ও গরীবদের মাঝে খাদ্য বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট ও জেলা প্রশাসনের উদ্যোগে রেহাইচরে বীরশ্রেষ্ঠ’র স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।   প্রথমে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর উষালগ্নে মহানন্দা নদীর তীরে রেহাইচরে বাংলার অকুতোভয় সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন। পরে তার মৃতদেহ ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।