রংপুর সিটি নির্বাচনসহ অন্যান্য নির্বাচন এ সরকারের আমলে সুষ্ঠু হয়েছে দাবি করে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনে অংশ নিয়ে হারলে কারচুপির অভিযোগ করে বিএনপি। এটি তাদের পুরনো অভ্যাস।’
শুক্রবার (২৯ ডিসেম্বর) নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া-কুড়িপাড়া চৌরাস্তার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে আয়োজিত এক জনসমাবেশে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
উন্নয়ন এবং দেশের সার্বিক শান্তি বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র।
সমাবেশ শেষে সরকারের আশ্রায়ণ প্রকল্পের অধীনে বাস্তুহারা মানুষের ঘর নির্মাণের জন্য নগদ টাকা এবং টেউটিন বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুর উপজেলা পরিষদ মাঠে ১১৮ জন ভূমিহীনের মাঝে কৃষি খাসজমির দলিল হস্তান্তর, জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। কাজীপুর সদর ইউনিয়ন পরিষদ আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে বেড়িপোটলে আমেনা মনসুর ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।