শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের

শীতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের লোকজনেরপ্রচণ্ড শীতে বগুড়ায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশা থাকায় সূর্যেরও দেখা মিলছে না। শুক্রবার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্র ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় স্টেশন, খোলা মাঠ, রোড ডিভাইডারসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। বিভিন্ন সংগঠন বিছিন্নভাবে শীতবস্ত্র বিতরণ করছে। শীত বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্রের দোকানে ভিড় বেড়েছে। ফুটপাতেও বিক্রি বেড়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের অবজারভার গোলাম মোস্তফা জানান, গত দু’দিন ধরে মৃদু শৈত্য প্রবাহ চলছে। শুক্রবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

শৈত্য প্রবাহ কবে নাগাদ শেষ হবে সে সম্পর্কে স্থানীয় আবহাওয়া অফিস নিশ্চিত করে কিছু বলতে পারছে না।