প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথম রাজবাড়ী যাচ্ছেন কাজী কেরামত আলী, উৎফুল্ল সমর্থকরা

কাজী কেরামত আলীশিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী কেরামত আলী আজ শনিবার (৬ জানুয়ারি) রাজবাড়ী আসছেন। এ উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

জানা গেছে, শনিবার দুপুর ১২টায় প্রতিমন্ত্রী দৌলতদিয়া ফেরি ঘাটে এসে পৌঁছাবেন। এ সময় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রটোকল দেওয়াসহ ফুলেল অভ্যর্থনা জানানো হবে। এরপর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের পক্ষ থেকেও এ সময় তাকে অভ্যর্থনা জানানো হবে।

এরপর তিনি বেলা ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন।

প্রতিমন্ত্রীকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। বিকাল ৪টায় তিনি সদর উপজেলা পরিষদে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যায় তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অসুস্থ অ্যাডভোকেট সৈয়দ রফিকুছ সালেহীনকে দেখতে তার বাসভবনে যাবেন বলে জানা গেছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী জানান, প্রতিমন্ত্রী হিসেবে আলহাজ কাজী কেরামত আলী এমপিকে বরণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তার (কাজী ইরাদত আলীর) নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী শনিবার সকাল সাড়ে ১০টার দিকেই জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দৌলতদিয়া ঘাটে যাবেন।
উল্লেখ্য, কাজী কেরামত আলী গত ২ জানুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

আরও পড়ুন- শপথ নিলেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী