ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মকর্তার মৃত্যু

রাজশাহীরাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত আলতাফ হোসেন (৫২) পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে নগরীর রেলগেট এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন আলতাফ হোসেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এই ট্রেনের নিচেই কাটা পড়েন আলতাফ হোসেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ময়নাতদন্ত শেষে নগরীর রাজপাড়া থানা পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে। নগরীর ঘোড়ামারা এলাকার মৃত মীর সেকেন্দার আলীর ছেলে তিনি।