শরীরে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লায় রশিদা বেগম নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই গৃহবধূ নিজেই শরীরে আগুন দেন বলে অভিযোগ প্রতেবশীদের। তার চিৎকারে পরিবারের লোকজন তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রশিদাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাদিম সরকার জানান, ওই গৃহবধূর শরীর শতভাগ পুড়ে যাওয়ায় কোনও চিকিৎসাই করা যায়নি। পরে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।   

নিহত রশিদা বেগম রামকৃষ্টপুর মহল্লার মিজানুর রহমানের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিশীদের বরাত দিয়ে ওসি বলেন, ‘মিজানুর ও রশিদার ১১ বছরের বিবাহিত জীবনে কোনও সন্তান লাভ করতে না পারায় মিজান আবার বিয়ের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।’

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক জানান, গৃহবধূ রশিদা ও মিজান আপন খালাতো ভাই-বোন। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, ‘তাদের ভেতর পারিবারিক বা অন্য কোনও বিষয় নিয়ে কোনও কলহ-বিবাদ ছিল না। মূলত, বিয়ের ১১ বছর পরও কোনও সন্তান না হওয়ায় মিজান নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই বহিঃপ্রকাশ এই আত্মহত্যা।’

কাউন্সিলর আব্দুল বারেক আরও জানান, কিছুদিন ধরে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে মীমাংসা করারও চেষ্টা চলছিল। সোমবার রাতে যখন রশিদা গায়ে আগুন দেয়। ভেতর থেকে দরজায় ছিটকিনি দিয়েই আগুন দিয়েছিল। তার চিৎকার শুনে পরিবার ও স্থানীয় লোকজন এক পর্যায়ে দরজা ভেঙে তাকে বের করে হাসপাতালে নেওয়ার পথেই রশিদা মারা যান। এ সময় রশিদার স্বামী মিজানুর বাড়িতে ছিল না।’