শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে শেখ হাসিনা নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। পাঁচ একর জায়গার ওপর এই নাসিং কলেজ নির্মাণে ব্যয় হবে প্রায় ৩১ কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই নার্সিং কলেজের নাম ‘শেখ হাসিনা নার্সিং কলেজ’ রাখার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম। এই ঘোষণা দিয়ে নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ অঞ্চলে অভাবনীয় উন্নয়ন হয়েছে। তাই শেখ হাসিনার নামে এই কলেজের নামকরণ করা হলো।’ এ সময় জনতা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।
বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো এদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না। এ নিয়ে কোনও আন্দোলন বা ফর্মুলা দিয়ে লাভ হবে না। নির্বাচন নির্ধারিত সময়ে শেখ হাসিনা সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া যদি নির্বাচনে না আসেন তাহলে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।’
বিএনপি মানুষকে পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।’
এর আগে মন্ত্রী কাজীপুরে আমেনা-মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম মন্ত্রীকে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পরে মন্ত্রী তার বাবা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর জন্মস্থান সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়ায় জামে মসজিদের কাজের শুভ উদ্বোধন করেন এবং প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছোনগাছা ইউনিয়ন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।