বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পুলিশ কেজি স্কুলের পরিচালক ও কলেজ ছাত্রসহ চার জনকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও পুলিশ পরীক্ষা শুরুর পর বগুড়া শহরের দুটি কেন্দ্রের বাইরে থেকে ফাঁস হওয়া প্রশ্নসহ পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, সোনাতলা উপজেলার হাড়িয়াকান্দি গ্রামের বাদশা মণ্ডলের ছেলে শফিউর রহমান (২০) ও শিহিপুর দক্ষিণপাড়ার আবদুর রশিদের ছেলে হারুণ মিয়া (১৮)।
জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরন বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকালে গণিত পরীক্ষা চলাকালে পুলিশ প্রশ্নপত্রসহ দুই যুবককে গ্রেফতার করে। পরে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা শিকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাতে পুলিশ উপজেলার কর্পূর বাজার এলাকা থেকে আমেনা কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক কলসদহ গ্রামের আলীম উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও কাতলাহার গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে কলেজ ছাত্র রাকিব হোসেনকে (২০) গ্রেফতার করা হয়।
এছাড়া শনিবার বগুড়া শহরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষা শুরুর পর জটলা দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা এগিয়ে গেলে কয়েকজন যুবক দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি এবং শহরের ইয়াকুবিয়া স্কুলের সামনে থেকে একই কায়দায় আরও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। সদর থানা পুলিশ বলছে মোবাইল ফোনে পাওয়া প্রশ্নের সঙ্গে এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বগুড়া সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্র সচিব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ আজ উন্নয়নের এক অভূতপূর্ব উচ্চতায় অধিষ্ঠিত: রাষ্ট্রপতি