সরকারি রাস্তা দখল করে টিএমএসএসের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ

বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় সরকারি ২২ ফুট প্রশস্ত রাস্তা দখল করে বেসরকারি সংস্থা টিএমএসএসের নির্মাণাধীন স্থাপনা বুধবার দুপুরে উচ্ছেদ করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আরসিসি স্থাপনা কেটে সড়কটি চলাচলের উপযোগী করে দেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এক সপ্তাহ আগে কাজ বন্ধ করে দিলেও বুধবার নতুন করে কাজ করা হয়।

জানা গেছে, এ অঞ্চলের বৃহৎ বেসরকারি সংস্থা টিএমএসএস কর্তৃপক্ষ শাজাহানপুরের সুজাবাদ দহপাড়া এলাকায় নিজস্ব জমিতে টাইলস কারখানা স্থাপন করছে। তারা নিজস্ব জামি ছাড়াও পাশে সরকারি ২২ ফুট প্রশস্ত রাস্তা দখল করে সেখানে কারখানার ভবন নির্মাণ করছিল। এতে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের পার্শ্ববর্তী করতোয়া নদীর তীরের শ্মশানঘাটে যাতায়াত ও প্রতিমা বিসর্জনে বাধা সৃষ্টি হয়। এলাকার হিন্দুদের পক্ষে মুকুন্দ গোঁসাই আশ্রমের সভাপতি মনিন্দ্রনাথ মোহন্ত এ থেকে প্রতিকার পেতে গত ১৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সরকারি সড়কের ওপর স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেন। এছাড়া অবিলম্বে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন।

সেদিন টিএমএসএসের সহযোগী সংস্থা বিসিএলের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সারোয়ার মোহাম্মেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘তারা সরকারি রাস্তা দখল নিলেও বিনিময়ে অন্য পাশে রাস্তা দিবেন।’

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ‘টিএমএসএস কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে বুধবার শ্রমিক দিয়ে আবারও কাজ শুরু করেছিল। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেলে দায়িত্বশীলরা সটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন আরসিসি স্থাপনা কেটে সরকারি রাস্তা দখলমুক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, ‘নির্দেশ অমান্য করে পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় এই অভিযান চালানো হয়েছে। কোনও অবস্থাতেই হিন্দু সম্প্রদায়ের শ্মশানে যাওয়ার এক মাত্র সরকারি রাস্তা বন্ধ করা যাবে না। নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সরকারি টাকা আত্মসাতের অভিযোগ, গোলাপগঞ্জের সাবেক মেয়রসহ ৪ জন কারাগারে