পুলিশ ও এলাকাবাসী জানায়, আজাদ সিকদার পটুয়াখালী জেলা সদরের ভড়িয়া গ্রামের আবদুল মান্নান সিকদারের ছেলে। তিনি প্রায় ১৫ বছর আগে বগুড়ার ধুনটের ঝিনাই গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে লাভলী আকতারকে বিয়ে করেন। এরপর শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। তার দুটি মেয়ে আছে। স্ত্রী পোশাক শ্রমিক লাভলী চার বছর আগে চাকরি নিয়ে ওমানে যান। আজাদ ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তিনি প্রায় ১০ দিন আগে দুই মেয়েকে দেখতে শ্বশুরবাড়ি আসেন। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চাপড়া বিলের ধানক্ষেতে তার লাশ পাওয়া যায়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ফারুকুল ইসলাম জানান, লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।