পাবনার চাটমোহরে নিজ বাড়িতে হারাধন ভট্টাচার্য (৭০) নামে এক হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে এবং বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত পার্বতীনাথ ভট্টাচার্যের ছেলে। তিনি চিরকুমার ছিলেন।
নিহত হারাধন ভট্টাচার্যের ভাতিজা তুষার ভট্টাচার্য বলেন,‘প্রতিবেশীদের দেওয়া সংবাদের ভিত্তিতে আমি ওই বাড়িতে গিয়ে দেখি নিজের শয়ন কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে আছে। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।
তুষার আরও বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি, ৩/৪ জন বোরখা পড়া নারী বাড়িতে এসেছিল। ওই নারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা নিজ ঘরে হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। এসময় ঘরের সব কিছু এলোমেলো অবস্থায় ছিল। এছাড়া ঘরের মধ্যে একটি ইনজেকশেনের সিরিঞ্জ পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
আরও পড়ুন: ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মা নিহত, দুই সন্তান আহত