ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক খান, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু ও ইউপি সদস্য হাফিজুর রহমান বাংলা ট্রিবিউকে বলেন, ‘সাইফুল ইসলাম শিশির গণস্বাস্থ্য গ্রামীন টেক্সটাইলে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার জামায়াত-বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ধাওয়া করে। এই সময় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পালিয়ে গেলেও শিশিরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে তাকে কামারখন্দ থানায় নিয়ে যায়।’
এই প্রসঙ্গে কামারখন্দ থানার ওসি আবু ওবাইদা খান বলেন, ‘নাশকতার অভিযোগে তাকে থানায় আনা হয়েছে।’
সাইফুল ইসলাম শিশির গণস্বাস্থ্য গ্রামীন টেক্সটাইল লি. এর নির্বাহী পরিচালক।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ রাত পৌনে ১২টার দিকে জানান, স্থানীয় লোকজন ধাওয়া করলে পুলিশ তাকে উদ্ধার করে কামারখন্দ থানা হেফাজতে রেখেছে। ঘটনা ও তার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এখনি তাকে গ্রেফতার বা আটক বলা যাবে না।
পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী রাত সাড়ে ১২টার দিকে বলেন, ‘সাইফুল ইসলাম শিশিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
জানা গেছে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এমপি পদে তিনি বিএনপির মনোনায়ন প্রত্যাশী।