রাবিতে বহিরাগত দুই মাদকসেবী আটক

রাবিতে দুই মাদকসেবী আটকরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনরত অবস্থায় দুই বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠ থেকে তাদের আটক করা হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন- নগরীর উপশহর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম ও জিন্নানগর এলাকার আকবর আলীর ছেলে আলিফ।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন,  ‘মাদক সেবনের খবর পেয়ে আমরা সেখানে যাই। এসময় তাদেরকে গাঁজা ও ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মাদক সেবনের দায়ে দুই বহিরাগতকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’