বগুড়ায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিবগুড়ায় সামিউল ইসলাম (১৬) নামে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। সে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ১০৮ জনের একটি গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা উপার্জনের চেষ্টা করেছিল। রবিবার (১ এপ্রিল) রাতে শাজাহানপুর উপজেলার হরিণগাড়ি মধ্যপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে শাজাহানপুর থানায় তাকে সোপর্দ করা হয়। এ ঘটনায় সামিউলের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার দুপুরে র‌্যাব-১২ কার্যালয়ে এক ব্রিফিংয়ে কমান্ডার মেজর মোর্শেদ জানান, সামিউল বগুড়ার শাজাহানপুর উপজেলার হরিণগাড়ি মধ্যপাড়া গ্রামের আল ফারুকের ছেলে। সে এবার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। শামীম মাহমুদ নামে একজনের অনুপ্রেরণায় সামিউল প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ১০৮ জনের গ্রুপ তৈরি করে ভুয়া প্রশ্ন সংগ্রহের পর তা বিক্রির উদ্যোগ নেয় সে। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে সোমবার সকাল সাড়ে ৮টায় প্রশ্ন বিতরণের আশ্বাস দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, রবিবার রাতে গোপনে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১২ কার্যালয়ে সামিউল জানায়, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম মাহমুদের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অনুপ্রেরণা পায়। সংগ্রহ করা প্রশ্নপত্র বিক্রির জন্য হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করে। সংগ্রহ করা প্রশ্ন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিতরণ করার কথা ছিল।