চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় তিন জনকে জাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান, আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাজাহানপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের মৃত. আলতাব হোসেনের ছেলে শামসুদ্দিন (৫২) ও একই ইউনিয়নের চর-হরিশপুর গ্রামের মৃত. কসিমুদ্দিনের ছেলে রহিম উদ্দিন (৩৭)। অপরজন হলো চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথান পাড়া গ্রামের জারজিস আলীর ছেলে বিশু আলী (৩২)।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান থেকে ৮০০ গ্রাম হেরোইনসহ শামসুদ্দিন ও রহিমকে গ্রেফতার করে। এ ঘটনায় পরের দিন সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে র্যাব। পরে ৩০ এপ্রিল ২০১৬ সালে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
অপরদিকে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ বিশুকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি ২০১৬ সালে সদর মডেল থানায় মামলা দায়ের করে র্যাব। পরে ৩ এপ্রিল ২০১৬ সালে আদালতে অভিযোগ দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক বেলাল হোসেন।
সাক্ষ্যপ্রমাণের ভিত্তি মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা ও আব্দুল ওয়াদুদ।
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ