কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে রাবিতে ফের সড়ক অবরোধ

রাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধসরকারি চাকরিতে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ এপ্রিল) সকাল ১০টায়  সড়ক অবরোধ করে তারা সেখানে অবস্থান নেয়। এছাড়া, বিভিন্ন একাডেমিক ভবনের প্রবেশপথে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় কোনও বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি। 

এর আগে রবিবার (৮ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৮টা এবং রাত দেড়টায় দুই দফা মহসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলশিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো-কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটার শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরি পরীক্ষায় কোটা সুবিদা একবারের বেশি নয়, কোটায় বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা অভিন্ন করতে হবে।

ক্যাম্পাস সূত্র জানায়, সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রবেশপথগুলোতে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় কোনও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়নি। এরপর সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবনের সামনে দিয়ে চারুকলা অনুষদে যায়। এসময় শিক্ষার্থীরা দলে দলে মিছিলে যোগ দেয়। পরে মিছিলটি স্টেশন বাজার দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়। এতে রাস্তার দু’পাশে হঠাৎ যানজট সৃষ্টি হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ক্যাম্পাস ছেড়ে যায়নি বলেও জানা গেছে।

একাডেমক ভবনের প্রবেশপথ অবরুদ্ধআন্দোলনের সমন্বয়ক মাসুদ মুন্নাফ বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আজ ক্লাস বর্জন করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক অবরোধ করবো।’

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।