বৈশাখী উৎসবপহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশেই চলছে উৎসব। বসেছে মেলা। এ আয়োজন থেকে বাইরে নেই বগুড়াও। ‘বাংলার মুখ’ শীর্ষক ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে পহেলা বৈশাখের দিন থেকেই মেলা শুরু হয়েছে। বাংলার মুখ বগুড়া জেলা শাখা আয়োজিত এ মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৈশাখী মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। এছাড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দিন শেখ হেলাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বৈশাখী শোভাযাত্রাবৈশাখী মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি জানান, ১৫ এপ্রিল পল্লীগীতি, লোকসংগীত ও দেশাত্মবোধক গান এবং মেয়েদের দড়ি খেলা প্রতিযোগিতা, ১৬ এপ্রিল তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্রীদের জন্য বৌচি খেলা, ১৭ এপ্রিল তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্র ও দর্শনার্থীদের জন্য হাঁড়িভাঙা খেলা, ১৮ এপ্রিল সাপ খেলা, ১৯ এপ্রিল মোরগ লড়াই, ২০ এপ্রিল রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত প্রতিযোগিতা এবং লাঠি খেলার আয়োজন করা হবে। মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলাসহ বিভিন্ন পণ্যের স্টল থাকছে। এছাড়া প্রতিদিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বিভিন্ন সংগঠনের শিল্পীরা।