বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, হাফিজুর শিবগঞ্জের শংকরপুর মালিপাড়ার কৃষক হোসেন আলী মন্ডলের ছেলে। তিনি বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। শনিবার রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। এরপর বাড়িতে ফিরে আসেননি। সোমবার সকালে বাড়ির কাছে একটি দেবদারু বাগানে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব কোনও বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে থানায় আনা হয়েছে।