নওগাঁর রাণীনগরে সরকারি পুকুরের মালিকানা ও দখলকে কেন্দ্র করে সংঘর্ষে স্বেচ্ছা সেবকলীগ নেতা আজিম উদ্দিন (৩৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত যুবলীগ নেতার বড় ভাই বাদী হয়ে রবিবার গভীর রাতে রাণীনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন সায়েমসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন, সায়েমের সহযোগী মাসুম, আব্দুল আজিজ, রাহিম ও আলম ।
ময়নাতদন্ত শেষে আজিম উদ্দিন লাশ সোমবার সকালে পরিবারের কাছে হস্তান্ত করা হয়। দুপুরে জানাজা শেষে তাকে নিজ গ্রামে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
নিহত আজিম উদ্দিরে বড় ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমার ভাইকে হাঁতুরি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার করজগ্রাম সৌখিন পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ওই সময় আরও ৬ জন আহত হয়েছে। হামলাকারীরা ৩টি মোটরসাইকেল ভাঙচুর করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ‘করজ গ্রামে মসজিদের পাশে ১টি সরকারি পুকুর আছে। পুকুরটি সরকারিভাবে তিন বছর পর পর টেন্ডারের মাধ্যমে লিজ দেওয়া হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকারি টেন্ডারের মাধ্যমে উপজেলার লোহাচুড়া মৎস্যজীবী সমবায় সমিতির নামে পুকুরটির লিজ পায় সায়েম গ্রুপ। কিন্তু দুই মাসেও গ্রামবাসী পুকুরটি হস্তান্তর না করায় রবিবার সায়েম গ্রুপ ওই পুকুরের দখল নেওয়াসহ মাছ ছাড়তে যায়। এসময় গ্রামবাসী বাঁধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ওই গ্রামের সৌখিন পাড়ার মৃত সৌখিন উদ্দিনের ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আজিম উদ্দিন প্রতিপক্ষের আঘাতে মারা যান।’
তিনি আরও বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হত্যার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সিদ্দিকুর রহমান।