বগুড়ায় ৩৩ হাজার পটকাসহ এক ব্যক্তি গ্রেফতার

ভারতীয় পটকাসহ গ্রেফতার এক

বগুড়ার চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা রবিবার রাতে শহরতলির শাকপালা মোড় এলাকা থেকে ৩৩ হাজার ১২০ পিস ভারতীয় পটকা উদ্ধার করেছে। এ সময় সুজন প্রামাণিক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাকপালা মোড়ে বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে ২ হাজার ৭৬০ প্যাকেটে থাকা ৩৩ হাজার ১২০ পিস ভারতীয় পটকা উদ্ধার করা হয়। এ সময় বগুড়া শহরের বিসিক ফুলবাড়ি এলাকার মৃত আবুল কাশেম প্রামাণিকের ছেলে সুজন প্রামাণিককে গ্রেফতার করা হয়েছে। সুজন ঈদ সামনে রেখে ভারতীয় পটকাগুলো সংগ্রহ করে। তার বিরুদ্ধে সদর থানায় ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৪(খ) ধারায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।