রাজশাহীতে ভোটের মাঠে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কুদ্দুসের

01বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘এটি গাজীপুর নয়, এটি রাজশাহী। রাজশাহী বিএনপির ঘাঁটি। এখানে কোনও ষড়যন্ত্র করে বিএনপির প্রার্থীকে পরাজিত করা যাবে না। সব ষড়যন্ত্র বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকতে হবে।’ সোমবার (২ জুলাই) রাজশাহীতে মহানগর বিএনপির বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

সোমবার বিকালে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির করার লক্ষ্যে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কামরুল মনির, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ অনেকে।

রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের পরিচালনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘সব নির্যাতন সহ্য করে হলেও বুলবুলকে বিজয়ী করতে হবে। এজন্য প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। কোনও প্রকার বিভ্রান্তির মধ্যে না গিয়ে এই ভোট যুদ্ধে আমাদের প্রার্থীকে জয়ী করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আমি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আড়াই বছরই আমাকে কারাগারে থাকতে হয়েছে। আর বাকি সময়ে মেয়রের চেয়ারে থাকলেও নানা কারণে আমি তেমন কাজ করতে পারিনি। এতে করে অনেক নেতাকর্মীর সঙ্গে তেমন সম্পর্ক রাখতে পারিনি। তাই অসমাপ্ত কাজসহ দলের প্রার্থী হিসেবে আমাকে আবারও জয়ী করার জন্য সবাই লড়াই করবেন।’

বর্ধিত সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাজপাড়া বিএনপির সভাপতি শওকত আলী, মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, শাহমখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেক্রেটারি কামরুল হাসান, মহানগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি, মহানগর মহিলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন আরা পপিসহ অনেকে।