রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক খালিদ হোসেন জানান, ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তারা মুক্তারপুর এলাকায় অভিযানে যান। রাত আড়াইটার দিকে তারা কয়েকজন ব্যক্তিকে বস্তা নিয়ে রাস্তা দিয়ে যেতে দেখেন। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে রামদা নিয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। আত্মারক্ষায় পুলিশও গুলি চালায়। এতে আবদুল মালেকের বাম পায়ে গুলি লাগে।
খালিদ হোসেন আরও জানান, মালেকের সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে তার বাড়ি মুক্তারপুর এলাকায় বলে মালেক পুলিশকে জানিয়েছে। ঘটনার পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হামলায় জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক ইমরান হোসেন ও কনস্টেবল এমদাদ হোসেনও আহত হয়েছেন। তাদের রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।