রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে : লিটন

01সুযোগ পেলে আগামীতে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত ১৪ দলের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘সুযোগ পেলে সরকারি স্কুল-কলেজ প্রতিষ্ঠা, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নগরীর সার্বিক উন্নয়ন করা হবে। রাজশাহী নগরীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলে সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবো।’
রবিবার (৮ জুলাই) বিকালে রাজশাহীতে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘রাসিক নির্বাচন ও চাঁপাইনবাবগঞ্জবাসীর ভাবনা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।
মতবিনিময় সভায় রাজশাহীতে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জবাসীরা যেকোনও সমস্যায় খায়রুজ্জামান লিটনকে পাশে চান। এ সময় খায়রুজ্জামান লিটন সবসময় তাদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম বলেন, ‘সিটি নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে চাইলে খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। তার বাবা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা। আশা করছি আগামীতে যোগ্য নেতৃত্ব লিটনের সফলতা আসবে।’
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন বলেন, ‘আমরা উন্নত রাজশাহী গড়ার জন্যে লিটনের পক্ষে কাজ করছি, এই মতবিনিময় সভার আয়োজন করেছি। কারণ রাজশাহীতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলেই কেবল উন্নয়ন সম্ভব। যদি আমরা লিটনকে মেয়র নির্বাচিত করতে পারি, তবে উন্নত রাজশাহী গড়তে পারবো।’

মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, ‘আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী সবাই নৌকার জন্যে, লিটনের জন্যে ঐক্যবদ্ধ। রাজশাহীর উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার কারণে খায়রুজ্জামান লিটনের বিজয় হবে।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি প্রফেসর তানবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহিনা আখতার রেনী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মল আলী সরকার, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহসভাপতি তাইজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক।