শিবগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ‘ডাকাত’ নিহত





চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোহাম্মাদপুরে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি নিহত ব্যক্তি ‘ডাকাত’ দলের সদস্য। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি র‌্যাব।
র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমান্ডার এএসপি আবু খায়ের জানান, সোমবার দিবাগত রাত দেড়টায় দিকে শিবগঞ্জ-চৌডালা সড়কের মোহাম্মদপুর-ত্রিমোহনী এলাকায় পৌঁছলে র‌্যাবের টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।