নিহত আহাদুল লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের মোমিনের ছেলে।
কোম্পানি কমান্ডার শিবলী মোস্তফা জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় নাটোর র্যাব অফিসের একটি দল টহলরত অবস্থায় ছিল। এ সময় একটি মোটরসাইকেলে দুইজন আরোহীর সন্দেহজনক চলাফেরা দেখে টহল দল তাদের পিছু নেয়। তারা গোপালপুর থেকে ধানাইদহ রাস্তার বিজয়পুর গ্রামের আনছারকাটা মোড়ে পৌঁছে। সেখানে আগে থেকেই অপেক্ষা করা দুইজনকে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেওয়ার সময় তারা র্যাবের উপস্থিতি টের পায় । এ সময় মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে অপর দুইজনকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা পালিয়ে যেতে থাকে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করলে তারা গুলি চালাতে শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৫ মিনিট গুলিবিনিময়ের পরে ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও আহাদুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ৭.৬৫ মিমি একটি পিস্তল,২টি গুলিভর্তি একটি ম্যাগাজিন, ব্যাবহৃত গুলির খোসা ২টি, ৫৭ বোতল ফেনসিডিল ও ৪৭৫ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আহত দুই র্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আহাদুল জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি। তার বিরুদ্ধে লালপুর থানায় মাদক ও চোরাকারবারের-সহ মোট ৮টি মামলা রয়েছে।