রাজশাহীতে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সুজনের

সুশাসনের জন্য নাগরিকের পদযাত্রাঅবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যথাযথ ভূমিকা পালনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা ও মহানগর কমিটি। সেই সঙ্গে সরকার, রাজনৈতিক দল, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও সমর্থকদের প্রতিও একই আহ্বান জানিয়েছে সুজন। শনিবার (২৮ জুলাই)সকালে নগরীতে মানববন্ধন ও শান্তি পদযাত্রা করে সংগঠনটি এ আহ্বান জানায়।

শনিবার সকাল ১০টায় রাজশাহী আলুপট্টির সামনে সুজন রাজশাহী জেলা ও মহানগর কমিটির আয়োজনে ঘণ্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজনের রাজশাহী মহানগর কমিটির সভাপতি পিয়ার বকসের সভাপতিত্বে ও সুজনের রাজশাহী সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এসময় সুজনের জেলা সভাপতি সফিউদ্দিন আহমেদ, সুজনের রাজশাহী মহানগর সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম আরিফ, সুজনের রাজশাহী জেলা সহসভাপতি মো. আমানুল হক, সুজনের বিভাগীয় সমন্বয়কারী শশাঙ্ক বরণ রায়, সুজন রাজপাড়া সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, পিস প্রেসার গ্রুপের অ্যাম্বাসেডর মহেষ চন্দ্র সরকার, পিস প্রেসার গ্রুপের সমন্বয়কারী মো. মিজানুর রহমান, ইয়ুথ লিডার মোস্তাফিজুর রহমান সজল, আজমিরা পারভীন, মো. জিহাদুল ইসলাম, সাবরিনা শারমিন ও  মো. মাহফুজুল হক তিতাস প্রমুখ।

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুজনের আহ্বানপত্র পাঠ করেন সুজনের এরিয়া কোঅর্ডিনেটর মো. আসির উদ্দিন।

মানববন্ধন ও শান্তি পদযাত্রায় বক্তারা, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মানববন্ধন ও শান্তি পদযাত্রা থেকে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সাম্প্রতিককালে অনুষ্ঠিত সিটি নির্বাচনসমূহের অভিজ্ঞতার আলোকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন, সফল নির্বাচন অনুষ্ঠানের ভালো দৃষ্টান্তসমূহ অনুসরণ করে যথাযাথ ভূমিকা পালন করবেন। নির্বাচনি অনিয়মের ক্ষেত্রে কঠোরতা প্রদর্শন, কালোটাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণসহ ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম হলে সেই এলাকার নির্বাচন স্থগিত করার উদ্যোগ নেবেন এবং প্রয়োজনে ফলাফল বাতিল করে নতুন করে ভোট গ্রহণের উদ্যোগ গ্রহণ করবেন বলে সুজন-সুশাসনের জন্য নাগরিক মনে করে।

সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীর স্বপক্ষে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানোর মধ্যদিয়ে মানববন্ধন শেষে রাজশাহী আলুপট্টি থেকে একটি শান্তি পদযাত্রা বের হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও শান্তি পদযাত্রায় রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।