নির্বাচন নিয়ে বিএনপি’র দাবি অযৌক্তিক: নাসিম

 

সিরাজগঞ্জের কাজিরপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নির্বাচন নিয়ে বিএনপি’র দেওয়া শর্তকে অযৌক্তিক মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী  নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নির্বাচন নিয়ে শর্ত জুড়ে দিয়ে বিএনপি শান্তিপূর্ণ পরিবেশকে অহেতুক ঘোলাটে করার ষড়যন্ত্র করছে।’ রবিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে নির্বাচন নিয়ে বিএনপির দেওয়া শর্ত সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘তাদের যে কোনও ষড়যন্ত্র জনগণ নস্যাত করে দেবে। নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে।’

তিনি দুপুরে কাজিপুরের উপজেলা চত্তরে স্বাধীনতা স্কয়ার নির্মাণ কাজের অগ্রগতি, পাচঁশ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল, পরিবার পরিকল্পনা ভিজিটর প্রশিক্ষণ কেন্দ্র (এফডব্লিউভিটিআই)এবং পর্যটন রেস্ট হাউস নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে সরকারি কর্মকর্তারা ছাড়াও সরকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি সাংবাদিকদের আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করেছেন, সমুদ্র সীমানা জয় করেছেন, বঙ্গবন্ধু স্যাটালাইটে আকাশ পথও জয় করেছেন,  প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিদ্যুত সমস্যার সমাধান হয়েছে। নিজস্ব অর্থায়নে দেশের বৃহত্তম মেঘা প্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। মাদক নির্মুলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে, দেশের আর্থ সামাজিক উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন।’ এই অর্জন অব্যাহত রাখতে একাদশ সংসদ নির্বাচনেও  নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের কোনও বিকল্প নেই মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন,‘কোনও ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে। জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে।’