নাটোরে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নাটোরনাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সোমবার (১৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাসচালক আজাদুল ইসলাম আজাদ (৩৮) কুষ্টিয়া জেলার বাসিন্দা।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মহিউদ্দিন জানান, সোমবার সকালে ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজায় পৌঁছালে যশোর থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নৈশ কোচের চালক আজাদুল ইসলাম আজাদ নিহত এবং ১১ জন আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি জি এম শামসুন নূর জানান, বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।ক্ষতিগ্রস্ত গাড়ি দু’টি উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।